২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩, ৩:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু
বিজ্ঞাপন

নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত ওই যুবকের নাম মোরশেদ আলম (২৫)। তিনি শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের শামসুদ্দিনের ছেলে। এ সময় চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামে সড়কের পাশে শনিবার (৮ এপ্রিল) সকালে গভীর নলকূপের নিচে এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃতদেহের বিভিন্ন জায়গা বৈদ্যুতিক শকের চিহ্ন ছিল। চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
মোরশেদ আলমের বাবা শামসুদ্দিন বলেন, শুক্রবার বিকেলে মায়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে ভাবিচা ইউনিয়নের গাবতলীতে দাদার বাড়ি যাবে বলে বের হয়। দাদার বাড়ি যাওয়ায় আমরা আর কোন খোঁজখবর রাখিনি। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান বলেন, চলতি বোরো মৌসুমে এখন পর্যন্ত ৫-৭ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মূলত বোরো মৌসুমের পর ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি ঘটে। নিয়ামতপুর থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন