চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবেশী তরুণ কর্তৃক এক নবম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির মামলায় আত্মসমর্পণের পর জামিন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতের বিচারক আসামীর জামিন নাকচ করেন। মামলার নথি, পুলিশ ও যৌন হয়রানির শিকার যুবতীর পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের খাইরুল ইসলামের ছেলে রাজমিস্ত্রী মো. বাবু (২২) স্কুল ছাত্রীকে ফাঁকা বাড়ি পেয়ে ধর্ষণ চেষ্টা করে। ঘটনার কয়েকদিন পর গত ০৫ অক্টোবর মেয়েটির মা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর রবিবার (১৭ জানুয়ারী) আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত বাবু।
মামলার বাদি ও যৌন হয়রানির শিকার মেয়েটির মা বলেন, ঘটনার ১ মাস আগে আমার মেয়েকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেয় রাজমিস্ত্রী বাবু। তবে ছেলেটির কিডনির সমস্যা ও মেয়ের বয়স কম হওয়ায় বিয়ে দিয়ে রাজি হয়নি। এর জের ধরেই বাবুর বোন চেমালী খাতুন আমার মেয়েকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর মেয়ে ও বাবুকে বাড়িতে রেখে বাইরে চলো আসে চামেলী। এসময় বাবু মেয়েকে পুনরায় বিয়ের প্রস্তাব দেয় ও বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে।
রাজি না হওয়ায় তার বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় আমার মেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে মেয়েটি দৌড়ে পালিয়ে আসে। মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক আশীষ সরকার বলেন, মামলার প্রধান আসামী আত্মসমর্পণ করেছে। বাকি দুই আসামী ঘটনার সাথে সম্পৃক্ত নয়, তাই তাদের আটক করা হয়নি বলে জানান তিনি।