নওগাঁ প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ১০৫৬টি ভূমি ও গৃহহীন পরিবারকে বাড়ি হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন উপকারভোগীদের নিজ নিজ বাড়ির কাগজপত্র বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পূনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১১টি উপজেলায় এক হাজার ৫৬টি পরিবার বাড়ি পেয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১১০টি, বদলগাছীতে ৪৮টি, মহাদেবপুরে ৩৪টি, আত্রাইয়ে ১৭৫টি, রানীনগরে ৯০টি, মান্দায় ৯০টি, সাপাহারে ১২০টি, নিয়ামতপুরে ৭১টি, পোরশায় ৫৪টি, ধামইরহাটে ১৫০টি এবং পত্নীতলায় ১১৪টি।
এগুলোর মধ্যে ভিক্ষুক পরিবার ৩১টি, প্রতিবন্ধী ১৫টি, অন্যের বাড়িতে-রাস্তার পাশে ও খোলা জায়গায় ঝুপড়ি ঘরে থাকা ১১টি, স্বামী পরিত্যক্তা ও বিধবা ৫৫টি, দিনমজুর ১২টি, আদিবাসী ৯১টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার রয়েছে ৭৩টি। আধাপাকা প্রতিটি বাড়ি নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি বাড়ি একই ধরনের। যেখানে আছে- দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা। এসব বাড়ি প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।
মান্দা প্রতিনিধি জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি একযোগে উদ্বোধনের পর নওগাঁর মান্দায় ৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত বসতবাড়িসহ দলীলপত্র হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনের পর সাড়ে বেলা ১০টার দিকে গৃহহীনদের হাতে জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
এ উপলক্ষে ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা সহকারি (ভূমি) ইমরানুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, সাবেক আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী মোর্শেদুল হাসান, যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল প্রমুখ। শেষে উপজেলার ১৪ ইউনিয়নের ৯০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলীলপত্র তুলে দেওয়া হয়।
ধামইরহাট প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে মুজিব বর্ষে ১৫০ গৃহহীন পেল স্বপ্নের বাড়ী ও জমির দলিল। উপজেলার ৬টি স্থানে এ প্রকল্পের মাধ্যমে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর জন্য মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা। এতে ৬টি গ্রামে দুই শতাংশ জমির উপর দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ১৫০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হলো। প্রত্যেক পরিবারের জন্য বাড়ী নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।
শনিবার সকালে উপজেলা নতুন অডিউোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক যোগে ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ভার্চুয়ালে গৃহ ও জমির দলিল হস্তান্তর কর্মসূচী উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী, উপজেলা প্রকৌশলী মো.আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইস্রাফিল হোসেন,ভূমিহীন ও গৃহহীন গোল্ডেল প্রমুখ।
পত্নীতলা প্রতিনিধি জানান, পত্নীতলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদানকৃত ১১৪জন “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে উপজেলা প্রশাসনের পরিচালনায় নির্মাণ কাজ সম্পন্ন ১১৪টি বাড়িগুলি শনিবার আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহহীনদের এসব বসতবাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। শনিবার দেশব্যাপি একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বসতবাড়ি হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপরই জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রানালয় সর্ম্পকৃত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার বাবলু ১১৪টি পরিবারের কাছে জমির দলিল ও অন্যান্য কাগজপত্র সহ একটি করে বাড়ি হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রানালয় সর্ম্পকৃত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার বাবলু।
নিয়ামতপুর প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে এক যোগে মুজিব বর্ষের সেরা উপহার গ্রহহীনদের হাতে জমিবন্দবস্তসহ নামজারীর মাধ্যমে আধাপাকা বাড়ি কাগজ তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তারই পেক্ষিকে নওগাঁর নিয়ামতপুরে ভূমিহীন ও গৃহহীন ৭১টি পরিবার পেলেন মাথা গোজাবার নতুন ঘর। শনিবার সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুরে দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনা মন্ত্রলায়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর
উপহার নতুন ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চচুয়ল পদ্দতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।