নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : কাদের
এফএনএস : সরকারের পরিবর্তন আনতে হলে নির্বাচনের বিকল্প আর কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমি পরিষ্কারভাবে জানাতে চাইÑ মির্জা ফখরুল সাহেব, সরকারের পরিবর্তন যদি চান, সোজা কথা হলো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকারের অনেকগুলো নির্বাচন এই প্রযুক্তিতে হয়েছে। পৌরসভা, সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। কেউ কি কোনো প্রশ্ন করেছে? আমরা জালিয়াতি, কারচুপি, মারামারি-মুক্ত নির্বাচন চাই। আওয়ামীল লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা নির্বাচন বলতে ভোট জালিয়াতি, কারচুপি বোঝে, তারা ইভিএমে বিশ্বাস করে না।
তারা একদিকে বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবে না, আবার বলে ইভিএমে নির্বাচন করবে না। তাহলে নির্বাচন কমিশনের সংলাপে এলেন না কেন? নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে আসতে হবে। জনগণ আমাদের ক্ষমতার উৎস। জনগণ যদি ভোট না দেয় আমরা ক্ষমতা ছেড়ে দেবো। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, এখন যে অস্থিরতা, বাস্তবতা তা আমাদের সৃষ্টি নয়, আমরা বিশ্ব পরিস্থিতির মূল্য দিচ্ছি। এই দিন থাকবে না। মানুষের কষ্ট হচ্ছে সরকার এটা জানে। এই অবস্থা থাকবে না। বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা বা পাকিস্তান হবে না, উন্নত দেশ হবে। শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। এই বৈরী পরিস্থিতিতেও তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে যত রাজনৈতিক হত্যাকাণ্ড এযাবত হয়েছে, এসব হত্যাকাণ্ডের মধ্যে সবথেকে নৃশংস হত্যাকাণ্ড হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে ’৭৫ এর হত্যাকাণ্ড।
