২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৮ বিভাগেই হালকা বৃষ্টির আভাস উত্তরাঞ্চলে দূর হয়েছে তাপপ্রবাহ

প্রকাশিত: ৮ জুলাই ২০২২, ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
৮ বিভাগেই হালকা বৃষ্টির আভাস উত্তরাঞ্চলে দূর হয়েছে তাপপ্রবাহ
বিজ্ঞাপন

দেশের আট বিভাগেই হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দূর হয়েছে দেশের উত্তরাঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সব বিভাগে কমবেশি বৃষ্টি হয়েছে। তবে কোথাও ভারি বৃষ্টি হয়নি। এ সময়ে সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো। তা দূর হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার সকালে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো রাজশাহীতে। একদিন পরে তা কমে হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। -এফএনএস

 

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান বজলুর রশিদ। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন