২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বৃষ্টি বেড়ে কমতে পারে তাপমাত্রা

প্রকাশিত: ৭ জুলাই ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
বৃষ্টি বেড়ে কমতে পারে তাপমাত্রা
বিজ্ঞাপন

বৃষ্টি কমে গিয়ে উত্তরাঞ্চলে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। তবে বৃষ্টি কিছুটা বেড়ে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত মঙ্গলবার ভোর ৬টা থেকে গতকাল বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি। দক্ষিণাঞ্চলেও সামান্য বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল সিলেটে। এ সময়ে সিলেটে ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটার। গতকাল বুধবার সকালেও ঢাকায় বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টি না থাকলেও আকাশে মেঘে আনাগোনা রয়েছে। রাজশাহী জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। -এফএনএস

 

এছাড়া গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেবে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

 

গতকাল বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন