২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

প্রকাশিত: ৩ জুলাই ২০২২, ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা
বিজ্ঞাপন

সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি কমতে পারে। তবে তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়। ঢাকায় এ সময়ে তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে ঢাকার আকাশ অনেকটাই রোদেলা। এতে বাড়ছে গরম। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তরপূর্ব বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এফএনএস

 

গতকাল শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

 

আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান তিনি। অন্যদিকে গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন