চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মরনোত্তর একুশে পদকপ্রাপ্ত, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা. আ.আ.ম. বাচ্চু ডাক্তারের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল শনিবার সদর কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার নিজ জন্মস্থান গ্রামে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারনে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে দিনটি পালন করা হয়। সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, প্রয়াত বীর মুক্তিযোদ্ধার কন্যা চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা আ.লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদারসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে দুস্থ, অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।