স্টাফ রিপোর্টার : সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ৩টায় রাজশাহী ভূবনমোহন পার্কে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এই সরকারের প্রধান এখন মায়া কান্না করতে শুরু করেছেন। বিগত নির্বাচনে বন্দুকের নলের মুখে, জনগণকে জিম্মি করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় বসে আছে এই সরকার। ক্ষমতার দম্ভে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের খুন, গুম, নির্যাতন, মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানী করছে।
তিনি বলেন, ধর্মের কল বাতাসে নড়ে। এখন সকল সত্য কথা বেড়িয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বীকার করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অবৈধভাবে অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেছে। দেশের বৃদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ জনগণ আওয়ামী লীগের এই অপকর্মের কথা বলছেন বলে তিনি উল্লেখ করেন। এই সরকারের আর কোন প্রকার অন্যায় সহ্য করা হবেনা। এখন শুধু প্রতিরোধ। আগামী সংসদসহ সখল নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিন ছাড়া দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার পতনের আন্দোলনে সবাই অংশগ্রহন করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধান অতিথি।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এম.পি ও মন্ত্রী এডভোকেট কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহাম্মেদ উজ্জল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল।