পোরশায় গেনা হুজুরের দাফন সম্পন্ন
পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশায় আল-জামিয়াতুল-আরাবিয়া-দারুল হেদায়াহ মাদ্রাসার (পোরশা বড় মাদ্রাসা) মহাপরিচালক মাওলানা শারিফউদ্দীন শাহ চৌধুরীর (গেনা হুজুর) দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় পোরশা বড় মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুবরন করার কয়েক মাস পূর্ব থেকে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।
এক সপ্তাহ পূর্বে তার অবস্থার অবনতি হলে রাজশাহীর একটি হাসপাতালের আইসিসিউতে রাখা হয়েছিল। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঢাকা থেকে জানাযাস্থলে ছুটে আসেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি।
একই সাথে জানাযায় উপস্থিত হয়ে শোকপ্রকাশ করেন পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান, পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
