চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ ইগনাইট ইয়ুথ সোসাইটি-বাইস এনজিও’র সাবেক মাঠকর্মী সাদিরুল ইসলাম সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ টাকা উত্তোলন ও বাইস এনজিও কর্তৃক মামলার হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে এনজিও’র সদস্যরা। রবিবার (১০ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় এনজিও’র নাচোল উপজেলার লাহাবাড়ী, বাজিন্দ্রপুর, বাউল, আলিশাপুর, গজলবাড়ী, মিড়কাডাঙ্গা এলাকার সদস্যরা মানববন্ধন করে।
ফতেপুর ইউনিয়নের ফরশেসপুর বাজারে ভুক্তভোগী সদস্যবৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাইস এনজিও’র নাচোল শাখার সাবেক মাঠকর্মী সাদিরুল ইসলাম এনজিও’র ১’শ ৩২ জন সদস্যদের নামে স্বাক্ষর জাল করে অবৈধ ভাবে ৬৪ লক্ষ টাকা উত্তোলন করে। এনজিওর সদস্যরা বাইস এনজিও’কে টাকা দিতে নারাজ হলে তাদের নামে উকিল নোটিশ পাঠিয়ে সদস্যদের নামে মামলা করে। ভুক্তভোগী সদস্যদের মধ্যেও বেশ কয়েকজন কারাবন্দীও হয় এবং অন্যান্য সদস্যদের বিভিন্নভাবে মামলা-হামলার হুমকি দিয়ে হয়রানী করছে বাংলাদেশ ইগনাইট ইয়ুথ সোসাইটি-বাইস।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইগনাইট ইয়ুথ সোসাইটি-বাইস’র সদস্য আব্দুল খালেকের ছেলে সুকুদ্দি, মৃত অলীল মাহত্বের ছেলে জয়চাঁন, আরিফের ছেলে কহিনুর, আষাড়ু মাহত্বের ছেলে শ্রী কাজল, আব্দুল সালামের ছেলে সাদিকুল ইসলাম, মৃত আজাদ আলীর ছেলে সানউল্লাহ, মৃত জোহর আলীর ছেলে বাদল হোসেন, আবুল হোসেনের ছেলে হানিফ, মৃত মুনতাজ আলীর ছেলে মোজাফফর আলী, ইউসুফ আলীর ছেলে ইয়াদুল, এনতাজ আলীর ছেলে জাহাঙ্গীর, বিধবা নারী ঝড়না, নাসিরুলের স্ত্রী তাহেরা খাতুন, সেলিম রেজার স্ত্রী তানজিলা, আব্দুল হকের স্ত্রী ফাতেমা,পাতাল আলীর ছেলে জেন্টসহ অন্যান্য সদস্যরা।