২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশ হিন্দু পরিষদের অভিযোগ আইএসকে মদদ দিচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
বাংলাদেশ হিন্দু পরিষদের অভিযোগ আইএসকে মদদ দিচ্ছে পাকিস্তান
বিজ্ঞাপন

এফএনএস : আইএসকে মদদ দিয়ে পাকিস্তান সারাবিশ্বে জঙ্গি রাষ্ট্র সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন, বিশ্ব আজকে যখন মানবতার কথা বলছে তখন পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই সারাবিশ্বের মানবতাবাদী মানুষ ও সম্প্রদায়কে নিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

পাকিস্তানে উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক একের পর এক উপাসনালয়, ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে পরিষদের নেতাকর্মীরা বাংলাদেশস্থ পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে রওনা দেন। নেতৃবৃন্দ বলেন, পাকিস্তান যে একটি জঙ্গি রাষ্ট্র ও আইএসের মদদদাতা, সে হিসেবে তাদেরকে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে বিভিন্ন রাষ্ট্র, মানবাধিকার সংগঠনের কাছে আমাদের অনুরোধ, পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।

বক্তারা সারাবিশ্বে কোথাও যেন হিন্দুসহ কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার, নিপীড়ন না হয় সেজন্য জোর দাবি জানান। সমাবেশে বিশ্ব হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ও হিন্দু স্বেচ্ছাসেবক জোটের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন রায়ের সভাপতিত্বে সমাবেশে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, হিন্দু পরিষদের আহ্বায়ক সুবীর কান্তি সাহা, সদস্য অপু দাস, দীপঙ্কর শিকদার, সুবীর সাহা ও সাধন কুমার দাসসহ প্রমুখ বক্তব্য দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন