২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুর পৌর নির্বাচনে নৌকার টিকেট পেতে চলছে নবীন ও প্রবীণের লড়াই

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
দুর্গাপুর পৌর নির্বাচনে নৌকার টিকেট পেতে চলছে নবীন ও প্রবীণের লড়াই
বিজ্ঞাপন

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর : সম্প্রতি পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপের তফশিল ঘোষনা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফশিলের পঞ্চমধাপে রয়েছে দুর্গাপুর পৌরসভা। ইতিমধ্যে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া সম্ভাব্য মেয়র প্রার্থীরা খুব জোরে সোরেই কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তিতে নবীন-প্রবীণ মেয়র প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

সম্ভাব্য মেয়র প্রার্থীরা একদিকে তৃনমূল নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের সমর্থন আদায়ে নির্বাচনী মাঠে থাকছেন অপরদিকে মনোনয়ন পেতে উপজেলা, জেলা ও কেন্দ্রিয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করে নির্ঘুম সময় পার করছেন। দুর্গাপুর পৌরসভা এলাকার রাস্তাঘাট এর দুই পাশের গাছে গাছে, বিভিন্ন স্থাপনার দেয়ালে, বিদ্যুতের খুটিতে দলীয় মনোনয়ন পেতে কর্মী-সমর্থক ও সাধারন ভোটারদের কাছে দোয়া সমর্থন প্রত্যাশা কামনা করে রঙ্গিন ব্যানার ফেস্টুন ও পোস্টারে ছেয়ে দিয়েছে পুরো পৌর এলাকা।
পৌরসভা এলাকার বিভিন্ন হাট-ঘাট, মোড় চায়ের স্টল সহ জনসমাবেশ স্থলে দলীয় কর্মী সমর্থক ও সাধারন জনগনের মাঝে শুধু একই গুঞ্জন কে পাচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়া প্রার্থীদের সংখ্যা অনেক বেশী হলেও নির্বাচনী প্রচার প্রচারনা ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন নবীন প্রবীন সাত প্রার্থী। এরা হলেন প্রবীনদের মধ্যে বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রাজশাহী জেলা পরিষদের সদস্য ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান সান্টু। নবীনদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হল টুলু, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজাহার আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন।

বর্তমানে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেতে চলছে নবীন প্রবীনের লড়াই। পৌরসভা এলাকা সরজমিনে ঘুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানাগেছে ক্ষমতাসীন দলে পৌর মেয়র পদে মনোনয়ন পেতে গ্রুপিং লবিং চলছে বর্তমান ও সাবেক সাংসদের অনুসারীদের মধ্যে। পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রবীন ত্যাগী আওয়ামী লীগ নেতা আফসার আলী বলেন, মনোনয়ন পেতে সাত প্রার্থীই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবে তার পক্ষেই সকলে মিলে নির্বাচনী মাঠে থাকতে হবে। মনোনয়ন বঞ্চিত হয়ে এদের মধ্যে কোন প্রার্থী বিদ্রোহী হিসেবে নির্বাচনী মাঠে থাকলে পুঠিয়া পৌরসভার মতো এই পৌর মেয়রের আসন থেকে ছিটকে পড়বে আওয়ামী লীগ। তাই চেয়ারটিকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করতে হবে।

দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান বাবলু বলেন, আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা অপরদিকে দলীয় নেতা পৌর মেয়র হওয়ায় রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সহ দ্র্গুাপুর পৌরসভার উন্নয়ন হয়েছে। যা বিগত দিনে বিএনপির জোট সরকারের আমলে বিএনপির দলীয় মেয়রের সময়কালে আওয়ামী লীগের শিকি অংশও উন্নয়ন হয়নি। তাই আগামী দিনে দ্র্গুাপুর পৌরসভার উন্নয়নের স্বার্থে পৌর এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারন ভোটারদের উদ্দ্যেশে বলতে চাই পৌর এলাকার রাস্তা-ঘাট, প্রতিটি ওয়ার্ডে জলাবদ্ধতা ও পয়নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন, বিভিন্ন রাস্তাঘাটে ও আবাসিক এলাকায় সোডিয়াম লাইট স্থাপন সহ পৌর এলাকার সকল পাড়া মহল্লায় সুপেয় পানির ব্যবহার নিশ্চিত করা ও বাজার হাট-ঘাটের উন্নয়ন করা দরকার।

তাই আওয়ামী লীগ থেকে কোন নেতা মনোনয়ন পাচ্ছে সেই দিকে না তাকিয়ে জননেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে মনোনীত করবে তাকেই দুর্গাপুর পৌর এলাকার সাধারন ভোটাররা উন্নয়নের স্বার্থে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন