চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাৎসরিক গণশুনানি ও মাস্ক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বাৎসরিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সহযোগিতায় গতকাল মঙ্গলবার বিকেলে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। রিসোর্স ইন্টিগ্রেসন সেন্টার (রিক) বাস্তবায়ন করছে গণশুনানিটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিলের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মোসলেমা বেগম মুসি, ৫নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর আনোয়ারা বেগম, ২নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমানসহ অন্যরা।
গণশুনানীতে ১৫নং ওয়ার্ডের শতাধিক নারী উপস্থিত ছিলেন। গণশুনানিতে নারীরা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবার সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন এবং বিভিন্ন অভিযোগ দেন, মেয়র মোহাম্মদ নজরুল ইসলামকে। এছাড়াও পৌরসভার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা বলেন নারীরা। এসময় সকলকে মাস্ক বিতরণ করা হয়।
