নওগাঁ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার জনগণের শক্তিকে ভয় পায় বলেই বিএনপিকে সমাবেশের আয়োজন গুলোতে বাধা সৃষ্টি করেছ। নওগাঁ জেলা বিএনপির ডাকা জনসমাবেশে বিপুল পরিমাণ জনগণের উপস্থিতি টের পেয়ে ১৪৪ ধারা জারি করে এই সরকার আবার প্রমাণ করলো তারা বাকস্বাধীনতায় বিশ্বাস করে না।
বিএনপির সমাবেশ ঘিরে নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নওগাঁ পৌর এলাকার বহিরে নওগাঁ – শান্তাহার রোডের মল্লিকা ইন কনভেনশন সেন্টার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গয়শ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (মঙ্গলবার) দুপুর ২টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ হওয়ার কথা ছিল।
কিন্তু একই সময় একই স্থানে জেলা যুবলীগও সভা আহ্বান করে। এরপর জেলা বিএনপি শহরের এটিম মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। সেখানে জেলা ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা দেয়। তার পরিপ্রেক্ষিতে প্রশাসন পুরা পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। এসবের অর্থ কি, দেশবাসী সব বোঝে। বিএনপির সমাবেশ বিপুল জনসমাগমের উপস্থিতি হবে, সেটা টের পেয়ে সরকার পরিকল্পিত ভাবে নাটক সৃষ্টি করে ১৪৪ ধারা জারি করেছে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেহতু আজকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি। তাই আগামীতে অনুমতি ছাড়াই এই নওগাঁতে সমাবেশ করা হবে। সেই ধরণের মানসিক প্রস্তুতি রাখতে হবে আপনাদের। স্থগিত হওয়া এই সমাবেশ যে কোন সময় ডাকা হতে পারে। সেই সমাবেশ সফল করতে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
সংবাদ সম্মলন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানা সহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার দুপুরে একই স্থানে একই সময় বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগের সভা আহ্বায়ন করায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সোমবার বিকেল ৩টা থেকে আজ (বুধবার) বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা জারির পর গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে পূর্বঘাষিত স্থানে সমাবেশ আয়োজনের ব্যাপারে অনড় থাকার ঘোষণা দেয় জলা বিএনপি। তবে রাত সাড়ে ১১টায় সমাবেশ স্থগিত করার ঘোষণা দেয় জেলা বিএনপি।