নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন কমিশন। গতকাল রোববার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের মিলনায়তনে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। যাচাই বাছাই শেষে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো: ইকবাল শাহরিয়ার রাসেলসহ ২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ৭ জন সাধারন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩০ জানুয়ারী হতে যাওয়া নওগাঁ পৌরসভা নির্বাচনে অংশ নিতে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে রবিবার (০৩ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে মনোনয়নপত্রের হলফনামায় তথ্য হের ফের হওয়ার অভিযোগ এনে মেয়র পদে মো: ইকবাল শাহরিয়ার রাসেল,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মোছা: নাছিমা খাতুন ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মোছা: অনন্যা ইয়াসমিন এবং সাধারন কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডের রায়হান আলম ও রহমান রায়হান, ৪ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, ৫ নং ওয়ার্ডের মো: সজিব, ৭ নং ওয়ার্ডের মো: আবুল কালাম আজাদ এবং ৮ নং ওয়ার্ডের প্রদীপ কুমার সরকার ও জাহিদ হাসান রিজভী’র মনোনয়নপত্র বাতিল বলে ঘোষনা করে জেলা নির্বাচন কমিশন।
১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর বর্তমানে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। এদের মধ্যে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন এং সাধারন কাউন্সিলর পদে ৫৩ জন রয়েছে। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, মনোনয়নপত্রের হলফনামায় তথ্য গোপন করায় ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হয়ে যাওয়া প্রার্থীদের আগামী ৩ দিন আপীল করার সুযোগ রয়েছে। এদের মধ্যে অনেকের মনোনয়নপত্র পুনরায় বৈধ বলে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
