এফএনএস : গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠনের ক্ষেত্রে গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে দায়িত্ব বিএনপি তা অনুসরণ করবে বলে প্রতাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা আশা করি, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠনের ক্ষেত্রে গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে বিএনপি তা অনুসরণ করবে। একই সঙ্গে বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচারের নীতি পরিহার করে গণতান্ত্রিক রীতি-নীতি এবং সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসবে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বিবৃতিতে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি প্রস্তুত করার জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে সংলাপে আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোকে এ সংলাপে অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে (২০২২) বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে।
আওয়ামী লীগ সংবিধান সম্মতভাবে একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগকে সহায়তা করতে বদ্ধপরিকর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সংবিধান ও আইনসম্মত ভূমিকা প্রত্যাশা করে। মহামান্য রাষ্ট্রপতি ইতোমধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আইনসম্মতভাবে সার্চ কমিটি গঠনের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছেন। আমাদের পবিত্র সংবিধানের বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে এ লক্ষ্যে ক্ষমতা অর্পণ করা হয়েছে।