শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

মানুষের অধিকার কেড়ে নিয়ে সরকার ক্ষমতায় চেপে বসেছে : ফখরুল

Paris
Update : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, মানুষের সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় চেপে বসেছে বর্তমান সরকার। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও হারানো অধিকার ফিরিয়ে আনার পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করা হবে। গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে দলের বিজয় শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত এই বিজয় শোভাযাত্রায় অংশ নিতে গতকাল সকালে থেকে দলের নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

দুপুর নাগাদ বিএনপির নেতা-কর্মীদের ভিড় ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত চলে যায়। নেতা-কর্মীদের হাতে দেখা যায়, দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবি জানিয়ে লেখা রং-বেরং এর প্লেকার্ড-ব্যানার ফেস্টুন। শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, শুধু ক্ষমতার লোভে আওয়ামী লীগ রাজনৈতিক সব ধরনের নীতি-নৈতিকতা বিসর্জন দিয়েছে, অন্যায়ভাবে সাজা দিয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার জোর করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসে আছে।

একাত্তরের সব চিন্তাভাবনাকে, আশা-আকাক্সক্ষাকে ধ্বংস করে দিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে গোটা জাতির ওপর স্টিমরোলার চালানো হচ্ছে। তারা আমাদের অর্জিত গণতন্ত্র ধ্বংস করেছে। আমাদের অধিকার, ভোটের অধিকার ধ্বংস করেছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।’ হারানো গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব নেতা-কর্মীদের নতুন উদ্যমে সংগঠিত হওয়ারও আহ্বান জানান। বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের এই শোভাযাত্রা নতুন করে বাংলাদেশের মানুষের সংগ্রাম শুরু করার শোভাযাত্রা।

বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই শোভাযাত্রা। এই শোভাযাত্রার মধ্য দিয়ে সেই শুভ সূচনা করি, যার মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারব, তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করতে পারব।’ বিজয় শোভাযাত্রা নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


আরোও অন্যান্য খবর
Paris