এফএনএস : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বগুড়ায় নতুন করে আরও নয় নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। এতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।
বহিষ্কৃতরা হলেন- বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম লিটন; কাহালু উপজেলার সদর ইউনিয়নে উপজেলা যুবলীগ সভাপতি পিএম বেলাল হোসেন; নারহট্ট ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ আবদুল রহিম প্রামাণিক; কালাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শ্রমিক লীগের সাবেক নেতা আবু তাহের সরদার হান্নান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুবেল হোসেন ও উপজেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী; নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতা মজনুর রহমান মজনু ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ হেল বাকী এবং ভাটগ্রাম ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল দৌলা ববি।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের এই নয় নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত দ্বিতীয়, তৃতীয় ও আসন্ন চতুর্থ ধাপের নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় তৃণমূলের সুপারিশে এ নিয়ে ৪০ জনকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি (বহিষ্কার) দেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।