চারঘাট প্রতিনিধি : চতুর্থ ধাপে অনুষ্ঠেয় রাজশাহীর চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ৩ জন রিটানিং কর্মকর্তা গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন ও মেম্বার পদে ২২১ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ নেয়ার পর পরই প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন। কর্মী-সমর্থকরা পোষ্টার ও ফেস্টুন টাঙানো শুরু করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, উপজেলার ৬টি ইউনিয়নে বৈধ ৩২১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। ভোটগ্রহণ হবে আগামী ২৬ শে ডিসেম্বর।