এফএনএস : ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর বাংলাদেশের গণতন্ত্র একাকার’ মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতিদ্রুত যদি দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য উন্নত কেন্দ্রে না নেওয়া হয়Ñআমেরিকা, যুক্তরাজ্য অথবা জার্মানিতে, তাহলে তাঁর জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে। আজ তাঁকে বন্দি করে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। আজ তাঁকে যে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, সেই ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হয়েছে।’ জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
জাতীয়তাবাদী শ্রমিকদল এ সমাবেশের আয়োজন করে। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশনেত্রীকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে যদি মুক্ত না করেন, তাহলে কোটি কোটি মানুষ রাস্তায় নামবে। আপনাদের বাঁচার স্বার্থে দেশনেত্রীকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করতে পাঠান, তাঁকে সুস্থ করে দেশে নিয়ে আসুন। তা নাহলে আপনারা পালাবার পথটাও খুঁজে পাবেন না।’ মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায়। তাঁকে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এ সাজা দেওয়া হয়েছে। যেখানে লোয়ার কোর্ট (নিম্ন আদালত) থেকে দেওয়া হয়েছিল পাঁচ বছর।
হাইকোর্টে দেওয়া হয়েছে ১০ বছর। এতেই বোঝা যায়, কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে সরকার। কীভাবে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করছে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে এবং এ রাষ্ট্রকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে। সে কারণে খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কথা মুখে বলে, বিশ্বাস করে না। ১৯৭১ সালে স্বাধীনতার পরে তারা একই কাজ করেছে।
গণতন্ত্রকে বাদ দিয়ে বাকশাল গঠন করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।’ বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী বলে আমরা বলছি না, খালেদা জিয়া এ দেশের মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, আপসহীন ভূমিকার জন্য দেশের মানুষ তাঁর মুক্তি চায়।’ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।