স্পন্দন’র প্রথম বর্ষপূতি উদ্যাপন ও শীতবস্ত্র বিতরণে মেয়র লিটন
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় পর্যায়ের যুব উন্নয়ন ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পন্দন’ এর প্রথম বর্ষপূতি উদ্যাপন-২০২১ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় শাহ মখদুম কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্পন্দন সভাপতি ও রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বতর্মান সরকার যেকোন দুর্যোগে মানুষের পাশে আছে। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের দফায় দফায় খাদ্য সহায়তা, আর্থিক সহ বিভিন্নভাবে সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। আমি সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে সব সময় মানুষের পাশে আছি। এখন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী ও শাহ মখদুম কলেজ অধ্যক্ষ এস.এম রেজাউল ইসলাম। এ সময় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দীন জসির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।
