স্টাফ রিপোর্টার, লালপুর : আসন্ন ৩য় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নাটোরের লালপুরে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী হওয়ার অভিযোগে সভাপতি ও যুগ্ম-সম্পাদক সহ ৬ জনকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামীলীগ। এছাড়া বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা করার অভিযোগে ৩জনকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন, উপজেলার লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিন আনারস প্রতীক নিয়ে, উপজেলা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান জার্জিস দুয়ারিয়া ইউনিয়নের ঘোড়া প্রতীক নিয়ে,আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আনারস প্রতীক নিয়ে,
যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ঝন্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টেবিল ফ্যান প্রতীক নিয়ে, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আসলাম হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করা অপরাধে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মির্জা, সহ-প্রচার সম্পাদক আব্দুল মান্নান, সদস্য মাজেদুল ইসলামকে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর পক্ষে প্রচার- প্রচারণা করার অভিযোগে তাদের কে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি প্রচার-প্রচারণা করার অভিযোগে আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী ৪৭ এর(ক) ও (ঠ) ধারার বিধান অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে।