শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

গোমস্তাপুরে আট ইউপি নির্বাচন শেষ মুহূর্তের প্রচার-প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

Paris
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : আর মাত্র ৪ দিন পরই আগামী ১১ নভেম্বর গোমস্তাপুরে অনুষ্ঠিত হবে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ২য় দফায় অনুষ্ঠেয় এ ইউপি নির্বাচনে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যপদে প্রতিদ্বন্দী প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচার-প্রচারনা। তাদের হাতে একদম সময় নেই। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিরামহীন প্রচার- প্রচারনা। পোস্টারে- পোস্টারে ছেয়ে গেছে গ্রামীন জনপদ। চলছে চটুল মাইকিং, জনসংযোগে ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট প্রার্থনা। মজার মজার শব্দমালা দিয়ে সাজিয়ে গান তৈরি করে ভোটারদের মন জয় করার চেষ্টা করা হচ্ছে। প্রার্থীরা দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

উপজেলার ৮টি ইউনিয়নে ৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ১৮৩২ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তাদের প্রশিক্ষন ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। শুধু গোমস্তাপুর ইউনিয়নে এবার ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ৯ নভেম্বর ওই ইউনিয়নে মক ভোটিংয়ের ( নমুনা ভোট) আয়োজন করা হয়েছে। এবার উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারন সদস্য পদে ২৭১ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৭ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন বিএনপি নেতা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

চৌডালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন। তারা হলেন, আওয়ামীলীগের আনসারুল হক (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী গোলাম কিবরিয়া হাবিব (আনারস), ও তার স্ত্রী শামীম আরা বেগম (চশমা), তবে শামীম আরা বেগমকে ভোটের মাঠে দেখা যাচ্ছে না। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জামায়াত নেতা নুরে আলম সিদ্দিকী খলিল হাজী (অটোরিকসা)। এ ইউনিয়নে মূলতঃ ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার ২৫ হাজার ৮শ ২২ জন। বোয়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন।

তারা হলেন আওয়ামী লীগ বিদ্রোহী জিল্লুর রহমান লালু (আনারস), বিএনপি নেতা সালেহউদ্দিন বাবলু মাষ্টার (মোটরসাইকেল) ও আওয়ামীলীগের সামিউল আলম শ্যামল (নৌকা)। এ ইউনিয়নেও ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার ২০ হাজার ৯শ ৭ জন। রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ২ জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মতিউর রহমান মতি (আনারস) ও আওয়ামীলীগের মামুনুর রশিদ (নৌকা)। লড়াই হবে দ্বিমুখী। মোট ভোটার ২৮ হাজার ৯শ ৯২ জন। পার্বতীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামী লীগের লিয়াকত আলী খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন (আনারস) ও আওয়ামী লীগ বিদ্রোহী নজরুল ইসলাম (চশমা)। এ ইউনিয়নে মূলতঃ দ্বিমূখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। মোট ভোটার ২৭ হাজার ১শ ৬০ জন।

আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামী লীগের তরিকুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবুল কাসেম মাসুম (আনারস) ও সরফরাজ নেওয়াজ সুজন (চশমা)। এ ইউনিয়নে মূলতঃ ত্রিমূখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। মোট ভোটার ১২ হাজার ৫শ ৯৭ জন। বাংগাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন আওয়ামীলীগের সাদেরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ বিদ্রোহী আমিজুল ইসলাম সুমন (মোটরসাইকেল) ও বিএনপি নেতা শহিদুল ইসলাম (আনারস)।

এ ইউনিয়নে মূলতঃ দ্বিমুখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। মোট ভোটার ১৯ হাজার ৮শ ৭৭ জন। রহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামীলীগের তোফিজুল ইসলাম মাষ্টার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী ওবাইদুর রহমান (চশমা) ও বিএনপি নেতা মনিরুজ্জামান সোহরাব (আনারস)। এ ইউনিয়নে ত্রিমূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মোট ভোটার ১৪ হাজার ৬শ ৩৪ জন। গোমস্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন। তারা হলেন, আওয়ামী লীগের জামাল উদ্দিন মন্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা প্রভাষক আনোয়ার হোসেন (ঘোড়া), আওয়ামী লীগ বিদ্রোহী আবুল কালাম আজাদ মিঠু (আনারস) ও বিএনপি নেতা আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ আল রায়হান (চশমা)।

এ ইউনিয়নে চতুর্মূখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। মোট ভোটার ৩১ হাজার ৫শ ৫৭ জন। গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, নির্বাচনী এলাকাগুলোতে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। প্রত্যেক ইউনিয়নে থানা পুলিশের একটি করে টিম কাজ করছে। উপজেলা নির্বাচন অফিসার সেরাজুল ইসলাম জানান, আচরণ বিধিসহ নির্বাচনের সার্বিক বিষয় দেখাশোনার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। নির্বাচনী এলাকাসমূহের পরিবেশ ভাল রয়েছে। ঝুকিপূর্ন অবস্থায় কোন কেন্দ্র নেই। সকলের সহযোগীতায় আগামী ১১ নভেম্বর সুষ্ঠ নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আরোও অন্যান্য খবর
Paris