চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর নামক স্থানে ও ভোরে একই সড়কের মুসলিমপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত চালক আব্দুর রহিম (৩০) উপজেলার কয়লাবাড়ি গ্রামের হোসেন আলী মণ্ডলের ছেলে ও ট্রলিচালক রেজাউল (১৫) খড়পপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী ঢাকা মেট্রো ট ২২-০২৪৯ ট্রাকটি ধোপপুকুরের কাছে পৌঁছালে ধোবড়া থেকে কানসাটগামী ট্রলিকে ধাক্কা দেয়।
এতে রেজাউল ঘটনাস্থলেই নিহত হন। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুরে খড়িবোঝাই ট্রলি উল্টে চালক আব্দুর রহিম নিহত হন। শিবগঞ্জ থানার এসআই আতাউর রহমান জানান, ভোরে খড়িবোঝাই ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাওয়ার সময় মুসলিমপুর বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে খড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলিচালক রহিম নিহত হন। দুটি ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।