এফএনএস : বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের স্মরণসভায় বক্তব্য দিচ্ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় নিজেদের মধ্যে বিশৃঙ্খলা শুরু করেন কর্মীরা। কর্মীদের শান্ত করার চেষ্টাও করেন ফখরুল। পরিস্থিতি শান্ত না হওয়ায় বক্তৃতা বন্ধ করে ডায়াস ছেড়ে চলে যান তিনি। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে তিনি আবারও বক্তৃতা শুরু করেন। গতকাল শনিবার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ।
একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্য দেওয়ার সময়ও নিজেদের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি করেন কর্মীরা। তখন শামসুজ্জামান দুদু কর্মীদের শান্ত করেন। অনুষ্ঠান শেষে গেট দিয়ে বের হওয়ার সময়ও ধাক্কাধাক্কি করেন উপস্থিত নেতাকর্মীরা। এতে কাচের গেটের একটি অংশ ভেঙে যায়। স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একটি উদারপন্থি গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছি।
তরিকুল ইসলাম জীবন দিয়ে সেই কাজ করে গেছেন। নির্যাতনের কারণে শেষ দিকে তরিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছিলেন। বিশেষ করে এরশাদের নির্যাতনের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুখের কাছে তিনি পরাজিত হননি। শেষ পর্যন্ত তিনি লড়াই করেছেন কীভাবে বেঁচে থাকা যায়, কীভাবে জনগণের জন্য একটু কাজ করা যায়।