২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১, ৬:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
বিজ্ঞাপন

এফএনএস : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমশ হ্রাস পাচ্ছে তাপমাত্রা, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া। তবে দিনের আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডার কারণে কিছুটা স্থবিরতা দেখা দিচ্ছে এই জনপদে। আবহাওয়া অফিস বলছে, গত ১১ দিন এ জনপদে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়াবিদেরা আরও জানায়, হিমালয়ের খুব কাছাকাছি পঞ্চগড়ের অবস্থান হওয়ায় এখানে শীত কিছুটা আগে আসে এবং শীত বিদায়ও নেয় দেরিতে। এমনকি শীত মৌসুমে এই এলাকায় হিমালয়ের হিমবায়ু সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে।

যে কারণে দেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অপরদিকে, একই দিন দুপুর ১২টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিনভর তীব্র রোদ থাকলেও সন্ধ্যা নামতেই চারদিকে ঢেকে যায় কুয়াশায়, যা থাকছে ভোর পর্যন্ত। এতে করে সন্ধ্যা থেকেই মানুষ শীত নিবারণে গরম কাপড় ব্যবহার করতে শুরু করেছেন। তবে দিনে প্রচণ্ড রোদ থাকায় দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। গত ১১ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে গত সোমবার থেকে গত বুধবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি, ১৬ দশমিক ৫ ডিগ্রি, ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার দেশের মধ্যে আবারো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন