চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় আসন্ন পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন বর্তমান পৌর মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিক আহমদ। গত মঙ্গলবার বিএনপি তৃতীয় ধাপে ৫৯টি পৌরসভার দলীয় মনোনীত মেয়র প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষনা করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মেয়র তারিক আহমদ বলেন, যেহেতু রহনপুর পৌরসভার মেয়র হিসেবে দীর্ঘ পাঁচ বছর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। সেহেতু উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি আমার প্রতি আস্থা রেখেছে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আশা করি পৌরবাসী এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় ভোট দিয়ে নিড়বাচিত করবে।
এসময় তিনি তার দল বিএনপি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রহনপুর পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারী।