শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

সরকারের ষড়যন্ত্রে বেহাল দশা বিএনপির : পাপিয়া

Paris
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, আওয়ামীলীগ সরকারের জুলুম, নির্যাতন ও নানামুখী ষড়যন্ত্রে দেশের বৃহত্তর দল বিএনপির এখন বেহাল দশা। সরকার বিএনপিকে রাজপথে কোন আন্দোলন করতে দিচ্ছে না। মামলা, হুমকি, বাধা, ভয়ভীতি দিয়ে বিএনপিকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে। বিএনপি সরকারের নির্যাতনের কারনে কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না।

গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুর বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক এমপি অ্যাড. আশিফা আশরাফী পাপিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি আরও বলেন, আগামীতে অনুষ্ঠিতব্য সকল ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোনপ্রকার কারচুপি, অনিয়ম করতে দেয়া হবে না। আওয়ামীলীগ সারাদেশে অনিয়ম করে যেভাবেই নির্বাচনের আয়োজন করুক না কেন, চাঁপাইনবাবগঞ্জ সুষ্ঠ নির্বাচনের কোন বিকল্প নেই।

রাজনৈতিক কৌশলগত কারনেই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করছে না উল্লেখ করে সাবেক এমপি আশিফা আশরাফী পাপিয়া বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সারাদেশে রাতের ভোটে সরকার গঠন করেছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সকলের একতাবদ্ধতা এখানে সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে স্থানীয় প্রশাসনকে বাধ্য করেছে। আগামী দিনেও এভাবেই সবধরনের নির্বাচন আয়োজন করতে বাধ্য করা হবে। গণতান্ত্রিক অধিকার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আশিফা আশরাফী পাপিয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দেখে সৎ, দায়িত্বশীল, নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিবেন। যারা সরকারি অর্থ নিজের পকেটে ভরে তাদেরকে ভোট দিয়ে নিজের মূল্যবান ভোট নষ্ট করবেন না। কারন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে নিজের জীবন বাজি রেখেছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শয্যাশায়ী হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালের বেড ও বিছানায় পড়ে থাকলেও সরকারের সাথে কোন সমঝোতা করতে রাজি হননি তিনি।

যার কারনে বিদেশে উন্নত চিকিৎসা নিতেও যেতে পারছেন না। স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব আলাউদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ময়েজ উদ্দিন, গোবরাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আবুল হায়াত। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris