শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল

Paris
Update : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

এফএনএস : আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের অধীনে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গতকাল রোববার সকালে সিলেট ও সুনামগঞ্জ সফরকালে হযরত শাহজালাল (র.)- এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। অনির্বাচিত, অবৈধ এই সরকার নির্বাচন নিয়ে খেলা করে গত দুই মেয়াদ ক্ষমতায় আছে।

যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে, আমরা তখনই নির্বাচনে অংশ নেবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, আওয়ামী লীগের অধীনে অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যে কারণে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নির্দলীয় একটি সরকার এবং সেই সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন থাকলে আমরা অবশ্যই অংশগ্রহণ করবো। মূলত; আমরা এ জন্যই আন্দোলন করে যাচ্ছি। ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, দেশ অশান্তিতে রয়েছে।

মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। সাম্প্রতিক দেশে যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে, তাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত। মাজার জিয়ারত করে বেরিয়ে এসে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দেশে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এর নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। আজও পত্রিকায় এসেছে, রংপুরের ঘটনার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা সৈকত।

তিনি বলেন, এটা খুব পরিষ্কার, সরকারের যেহেতু জনগণের সঙ্গে সম্পর্ক নেই, যেহেতু জনগণের ভোট তারা পায় না- সে জন্য জনগণের দৃষ্টিটাকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার থেকে সরানোর জন্য এসব ঘটনা ঘটাচ্ছে। ফখরুল ইসলামের অভিযোগ, সরকার জীবনের নিরাপত্তা দিতে পারছে না। তিনি বলেন, একইভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের যারা আছেন, তাদের নিরাপত্তা সরকার দিতে পারছে না। সেই সঙ্গে আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে, মুসলমান সমাজ, ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন, তাদেরও এখানে নিরাপত্তা নেই।

সামগ্রিকভাবে জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালি পংকী, সদস্য সচিব মিফতা সিদ্দিকীসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তাদের সঙ্গে অংশগ্রহণ করেন অনেক নেতাকর্মী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিমানযোগে সকালে সিলেটে পৌঁছে দুই ওলির মাজার জিয়ারত শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে বিকেলে ঢাকায় ফিরে যান।


আরোও অন্যান্য খবর
Paris