মুজিববর্ষে রাজশাহীর ৬৯২ ভূমিহীন পাচ্ছেন ঠিকানা
আর কে রতন : মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী জেলার ৯টি উপজেলাতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে বাড়ী নির্মাণ কাজ জোরেসোরে এগিয়ে যাচ্ছে। দৃশ্যমান হতে শুরু করেছে নির্মাণাধীন ঘরগুলো। সরকারী তত্তাবধানে মনোরম পরিবেশে সবুজ টিনের ছাউনির তৈরী সারি সারি ঘরগুলো দৃশ্যমান অনেক সুন্দর দেখাচ্ছে এবং নির্মিত বাড়ি দেখে অসহায় ভূমিহীন পরিবারগুলোর মন ভীষণ আনন্দিত। বাড়ির নির্মাণকাজ সম্পন্ন হলে গৃহহীন পরিবারগুলোর মাঝে অল্প সময়ের মধ্যে হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ওই ঘরে বসবাস করার স্বপ্ন দেখছে গৃহহীন পরিবারগুলো, কখন উঠবে স্বপ্নের সেই ঘরে- এই ভাবনায় দিনগুণছেন এই অসহায় মানুষগুলো।
বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, বাস্তবায়নাধীন এসব প্রতিটি ঘরের জন্য মোট বরাদ্দ দেওয়া রয়েছে এক লাখ ৭৫ হাজার টাকা। এতে রয়েছে ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের ২টি কক্ষ। একটি রান্নাঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আমিনুল হক এ প্রতিবেদককে বলেন, রাজশাহী জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য বরাদ্দকৃত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মাণ কাজ চলছে ৬৯২টি বাড়ীর।
এর মধ্যে রয়েছে পুঠিয়া ৫৪টি, মোহনপুর ১৬টি, তানোর ৫৭ টি, পবা ৪৭টি, বাঘা ১৬ টি, বাগমারা ১৭৫ টি, চারঘাট ১৫ টি, গোদাগাড়ি ২৮ টি এবং দূর্গাপুর উপজেলায় ৩২টি। তিনি আরো জানান, মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক নির্মাণাধীন বাড়ীগুলোর কাজ প্রায় শেষের দিকে আশা করছি জানুয়ারীর মাঝামাঝি গৃহহীনদের মাঝে হস্তান্তর করা সম্ভব হবে।
