মাদক মামলায় জামিন পেলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ১০ দিনের মাথায় মাদক মামলায় জামিন পেলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত থেকে তিনি গতকাল সোমবার দুপুরে জামিন পান। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী নুরুজ্জামানের জামিন মুঞ্জুর করেন। এসময় আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ এবং সরকার পক্ষে জামিনের বিরোধিতা করেন সরকারী কৌসুলী অ্যাড. মো. নাজমুল আজম।
তবে সাময়িক বরখাস্ত এই কর্মকর্তার সাথে গ্রেফতার হওয়া ওয়াহিদুজ্জামান লাজুক নামক তার সহযোগীর জামিন দেননি আদালত। প্রসঙ্গত, সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের সময় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব নুরুজ্জামানসহ তার সহযোগীকে গত ১৮ ডিসেম্বর রাতে মহানন্দা ব্রিজের টোলপ্লাজায় আটক করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর ১৯ ডিসেম্বর বিকেলে তাকে এবং তার সহযোগি ওয়াহিদুজ্জামান লাজুককে চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতে হাজির করা হয় এবং আদালতের বিচারক আবু কাহার তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন প্রেক্ষিত ঐ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
