নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তোফাজ্জল হোসেন (তোফা) বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখীর (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার দুপুরে তাঁর সহস্রাধিক সমর্থককে নিয়ে তিনি এ মাজার জিয়ারত করেন। শুক্রবার সকাল ১০টার দিকে ১০টি বাস এবং অর্ধশতাধিক মোটরসাইকেল করে বিশা ইউনিয়নের সমসপাড়া বাজার থেকে তাঁর সমর্থকদের নিয়ে মাজার জিয়ারত যান আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন।
এ সময় কর্মী-সমর্থকেরা তাঁর পক্ষে নানা ধরণের স্লোগান দেন। আসন্ন ইউপি নির্বাচনে বিশা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তোফাজ্জল হোসেন বর্তমানে ঢাকা মহানগর (উত্তর) জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক পদে রয়েছেন। তিনি বিশা ইউনিয়নের বৈঠাখালী গ্রামের বাসিন্দা। মাজার জিয়ারতের উদ্দেশে যাত্রা শুরুর আগে সমসপাড়া বাজারে সংক্ষিপ্ত এক পথসভায় তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে আমাদের নেতা আনোয়ার হোসেন হেলাল ভাইয়ের নির্দেশে দলের সকল সাংগঠনিক কার্যক্রম সফল করতে নিরলসভাবে কাজ করেছি।
এ ছাড়া সব সময় এলাকাচর মানুষের বিপদে-আপদে তাঁদের পাশে থেকেছি। দলের একনিষ্ঠ কর্মী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। মহাস্থানগড় মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ কার্যক্রম শুরু করছি।’ আত্রাই উপজেলায় ইউপি নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগেই সমর্থককে নিয়ে মাজার জিয়ারতের এ ঘটনাকে অনেকে নির্বাচনী শোডাউন বলে মনে করছেন। এলাকাবাসী বলছেন, মনোনয়ন ঘোষণার আগে নিজের জনপ্রিয়তা প্রমাণের জন্য এ ধরণের কর্মসূচি গ্রহণ করেছেন তোফাজ্জল হোসেন।