নওগাঁ প্রতিনিধি : জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। জয়পুরহাটে একটি সম্মেলনে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় নওগাঁ শহরের বাইপাস মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক পথসভায় একথা বলেন। তিনি বলেন, মানুষের সমর্থনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সমুন্নত ও টিকিয়ে রাখতে চাই। বাংলাদেশে আজকে উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ পরিণত হয়েছে। কিন্তু এর পরও একটি বিরোধী সাম্প্রদায়িক ও অপশক্তি এদেশের মানুষকে উসকে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
আইন-শৃঙ্খলা বিঘ্নিত করে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া বানাতে চায়। অপশক্তিরা যখনই সুযোগ পাবে তখনই আঘাত হানবে দেশের অস্তিত্বের উপর। তাই আমাদেরকে আত্মতৃপ্তিতে থাকার কোন সুযোগ নেই। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ ও লড়াই করতে হবে আমাদেরকে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।