২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ৫:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৬৯ জন ভোটারের প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্র্বাচনে সভাপতি পদে জনকণ্ঠের মামুন-অর-রশিদ ও কালের কণ্ঠের রফিকুল ইসলাম ৩২টি করে ভোট পেয়েছেন। আর সমকাল ও ডিবিসি নিউজের সৌরভ হাবিব পেয়েছেন ৫ ভোট। সভাপতি পদে দুইজনের ভোটের সংখ্যা সমান হওয়ায় আগামী ২১ দিনের মধ্যে এই পদে পুনরায় নির্বাচন হবে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হক।

তিনি পেয়েছেন ৪০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সময় টেলিভিশনের সাইফুর রহমান রকি পেয়েছেন ২৯ ভোট। তানজিমুল হক এর আগে উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সহ-সভাপতি পদে দৈনিক সোনালী সংবাদের তৈয়বুর রহমান ৩৬ ভোট পেয়ে নির্র্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলানিউজের শরীফ সুমন পেয়েছেন ৩০ ভোট। আগের নির্বাচনে শরীফ সুমন এই পদে বিজয়ী হয়েছিলেন। এবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু। তিনি পেয়েছেন ৩৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সোনার দেশের শামস উর রহমান রুমি পেয়েছেন ২৯ ভোট। মিজানুর রহমান টুকু আরইউজের আগের নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছিলেন।

কোষাধ্যক্ষ পদে পুননির্বাচিত হয়েছেন সানশাইনের সরকার দুলাল মাহবুব। তিনি পেয়েছেন ৫০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বৈশাখী টেলিভিশনের আবদুস সাত্তার ডলার পেয়েছেন ১৭ ভোট। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের আনিসুজ্জামান ও সমকালের ফটোসাংবাদিক শরিফুল ইসলাম তোতা। আনিসুজ্জামান ৪৭ এবং তোতা ৬০ ভোট পেয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী সমাচারের আবুল কালাম আজাদ ১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খেলাঘরের সভাপতি ডা. এফএমএ জাহিদ।

কমিশনের অন্য দুই সদস্য হলেন- অ্যাডভোকেট আসলাম সরকার ও অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু।

মেয়রের অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার বিকেলে এক অভিনন্দন বার্তায় নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন মেয়র। অভিনন্দন বার্তায় মেয়র বলেন, ‘নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের ধারাকে সুসংহত করবে এবং রাজশাহীর সুনাম অক্ষুণ্ন রাখতে অবদান রাখবে বলে আশা করি। আমি নতুন নেতৃত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন