চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বে যখন দেশের জন্য সুনাম কুড়িয়ে আনছেন তখন তারা দেশের দূর্নাম করছেন। তারা বিশ্বের কাছে দেশকে ছোট করে, বিদেশীদের কাছে কথায় কথায় নালিশ করে। তারা আন্দোলনের ডাক দেয়্, কিন্তু দেশের মানুষতাতে সাড়া দেয়না। আজ দেশের মানুষ ভালো আছে তাই বিএনপি ভালো নেই। তিনি গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায়
চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশেনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, আব্দুল আওয়াল শামীম, মেরিনা জামান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।