বাঘায় বিষপানে মোটর শ্রমিকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় বিষপানে এক মোটর শ্রমিক আত্মহত্যা করেছেন। তার নাম জিল্লুর রহমান (৩৫)। গতকাল শনিবার ভোরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। সে বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ডের চকছাতারী গ্রামের মৃত: ইনছার মন্ডলের পঞ্চম ছেলে। জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাসায় ফিরে ১০০ এমএল এর ২ বোতল কিটনাশক বিষ (ট্রিপকর্ড ) পান করে জিল্লুর রহমান।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার বিষ অপসারন করা হলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফার্ড করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার সময় তার মৃত্যু হয়। তার ১০ ও ৬ বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে।
মৃতের স্ত্রী জানান, কি কারনে সে আত্মহত্যা করেছে সে সম্পর্কে আমরা কিছুই বলতে পারব না। তবে স্বজনদের ধারনা, দেনার কারনে সে আত্মহত্যা করে থাকতে পারে। রাজপাড়া থানার ওসি (তদন্ত) জানান, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের পূর্বক লাশ পরিবারের নিকট হস্তান্তর করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
