স্টাফ রিপোর্টার : সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেওয়া অনেকগুলো পদক্ষেপের পরেও কিছুতেই থামছেনা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো অপরাধ প্রবণতা। চলন্ত ট্রেনকে টার্গেট করে পাথর নিক্ষেপে কোথাও না কোথাও গুরুতর আহত হচ্ছেন ট্রেনের যাত্রীসহ কর্তব্যরত রেল কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় গতকাল ২৫ ডিসেম্বর রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটিতে আবারো পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিক্ষিপ্ত পাথরের আঘাতে আহত হয়েছেন ট্রেনটির কর্তব্যরত গার্ড নাজমুল ইসলাম সোলেমান। সে বর্তমানে রাজশাহী রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাজশাহী রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার জানান, গতকাল সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনটি নিজামপুর স্টেশন ছাড়ার কিছুক্ষন পর সকাল ৭টায় কে বা কাহারা চলন্ত ট্রেনটিতে পাথর নিক্ষেপ করলে ট্রেনটিতে কর্তব্যরত গার্ড আহত হন। ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছলে চিকিৎসার জন্য আহত গার্ডকে রেলওয়ে হাপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে রাজশাহী রেলওয়ে শ্রমিকলীগের নেতাকর্মীরা আহত কর্মচারিকে দেখতে ছুটে যান হাসপাতালে।
শ্রমিকলীগের নেতারা আহত গার্ডের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকে অনুরোধ জানান। এছাড়া রেলওয়ের শ্রমিকলীগের নেতারা রেলওয়ে থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করেন অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মারুফুল ইসলাম জানান, মাথার আঘাত গুরুতর না তিনি এখন অনেকটাই শঙ্কা মুক্ত আছেন।