২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাগরে ফের লঘুচাপ বাড়তে পারে বৃষ্টি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ৮:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
সাগরে ফের লঘুচাপ বাড়তে পারে বৃষ্টি
বিজ্ঞাপন

এফএনএস : মধ্য বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এক্ষেত্রে বাড়তে পারে বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের ওপর দিয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, আজ রোববার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। মঙ্গলবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। লঘুচাপের কারণে সাগর কিংবা উপকূলে ঝড়ের কোনো আভাস নেই। তবে নদীবন্দরে রয়েছে।

এক পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, ঢাকা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। গত সপ্তাহেও সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সে সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় বন্দরে তোলা হয়েছিল তিন নম্বর সতর্কতা সংকেত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন