রাসিক মেয়রের সাথে বিসিক মালিক সমিতি নেতৃবৃন্দের মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সভাপতি ও আধুনিক সিল্ক মিলসের সত্ত্বাধিকারী মোঃ লিয়াকত আলী। সমিতির নেতৃবৃন্দ রাজশাহী ব্যবসা বাণিজ্য প্রসারে বিসিক শিল্প নগরীর সার্ভিস চার্জ কামানো, উক্ত এলাকার রাস্তা ও রাস্তার উন্নয়নে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পূর্ব পাকিস্তান আমলে ব্যবসা বাণিজ্য প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৬১ সালে এ অঞ্চলে রাজশাহী বিসিক শিল্প নগরী গড়ে তোলা হয়। ভৌগলিক কারণ ও প্রকৃত উদ্যোক্তাদের প্লট হস্তান্তর না হওয়ায় দীর্ঘদিন এ অঞ্চলে শিল্প উন্নয়ন বিনষ্ট হয়েছিল। বিসিক শিল্প নগরীতে কিছু ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে উঠলেও এখনও এ অঞ্চলে বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠেনি।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মডার্ন ফুড ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আব্দুল মালেক, সমিতির প্রকাশনা সম্পাদক রাজশাহী টেক্সটাইল কমপ্লেক্সের সত্ত্বাধিকারী সৈয়দ আহমেদ জাকি। এ সময় সমিতির সহ-সভাপতি সপুরা সিল্ক মিলস লিমিটেডের সত্ত্বাধিকারী মোঃ সাজ্জাদ আলী, সহ-সভাপতি আমেনা সিল্ক সত্ত্বাধিকারী আমিনুল ইসলাম বাবুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
