এফএনএস : ‘সরকার হটানোর আন্দোলন’র জন্য আগাম প্রস্তুতির ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গোড়ানে ফ্রেন্ডস কনভেনশন সেন্টারে ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘করোনা হেল্প সেল’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতা-কর্মীদের প্রতি বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি, আওয়ামী লীগকে যদি সরাতে না পারি, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করতে পারব না।
আমরা হাজার হাজার মানুষ যে মিথ্যা মামলা নিয়ে চেপে বসে আছি আমরাও মুক্ত হতে পারবো না। সেজন্য আমি আগাম আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, সোচ্চার হতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করতে হবে। তাদেরকে বাধ্য করতে হবে যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের অধীনে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় দেশে একটা সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে, সরকার গঠন করবে। মির্জা ফখরুল বলেন, এখন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আমরা ১০/১২ বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি।
আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের পাঁচশ’র বেশি ভাই গুম হয়ে গেছে, আমাদের হাজারের ওপর মানুষ খুন হয়ে গেছে, আমাদের অনেককে হাঁটুতে গুলি করে পঙ্গু করে দিয়েছে। সুতরাং আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। বিশেষ করে তরুণ-যুবক যারা আছেন তাদেরকে জেগে উঠতে হবে। পরিবর্তন আসে সবসময় তরুণদের মাধ্যমে, তাদের নেতৃত্বে, তাদের বীরত্ব ও তাদের সাহসিকতার মধ্য দিয়ে। এখন কাজ করতে হবে তরুণ-যুবকদের।