শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

ভুল বিবৃতিতে রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পর্ক নষ্ট হবে না : তথ্যমন্ত্রী

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

এফএনএস : কোনো ভুল বিবৃতির কারণে রাজনীতিবিদদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক বিনষ্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার বিকেলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব সময় একনিষ্ঠভাবে কাজ করছেন। কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের সাথে, সরকারের রাজনৈতিক অংশের সাথে কর্মকর্তা-কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যেভাবে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি বিনষ্ট হতে পারে না, বিনষ্ট হয়নি, হবেও না।

আপনাদের অনুরোধ জানাবো যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। হাছান মাহমুদ বলেন, জাতির পিতার বাংলাদেশ রচনার স্বার্থকতা সেখানেই আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। মানবউন্নয়ন সূচক ও সামাজিক সূচকের অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সবাই এখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করছে, এটাই শেখ হাসিনার স্বার্থকতা। ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে, এটা ইতিহাসের বিচার।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সার্থকতা সেখানেই যে, আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, আমাদের মতো উন্নতি অর্জন করতে চায়। আর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সার্থকতা সেখানেই যে আজকে সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে। সরকার যে সিদ্ধান্ত-কর্মসূচি ঘোষণা করে, যে উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেয়, সেগুলো সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা অত্যন্ত নিষ্ঠার সাথে বাস্তবায়নের জন্য কাজ করেন। সেকারণেই এই সার্থকতা এসেছে এবং আজকে বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে অনেক দেশের সামনে উদাহরণ।

তথ্যমন্ত্রী এ সময় দেশের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে ভারতে যখন নির্বাচন হতো তখন কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বক্তৃতায় মানুষকে বলার চেষ্টা করতো যে বাংলাদেশ থেকে গরীব লোকজন আমাদের দেশে চলে আসবে। স্রষ্টার কৃপায় বাংলাদেশের মানুষ এখন ভারতের মানুষের চেয়ে মাথাপিছু আয়ের দিক দিয়ে ওপরে। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২শ’ ২৭ ডলার। আর পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৫শ’ ৪৩ ডলার, ভারতের ২ হাজার ৬৪ ডলার। আর এ উন্নয়নের পেছনে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কাজের অবদান অনস্বীকার্য, বলেন ড. হাছান।


আরোও অন্যান্য খবর
Paris