২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উত্তর-মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ৪:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
উত্তর-মধ্যাঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে
বিজ্ঞাপন

এফএনএস : হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু (বর্ষা)। এর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেড়েছে। এই বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। গত সোমবার রাতও ছিল বৃষ্টি মুখর। তবে গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হয়েছে। উত্তরের রংপুর, রাজশাহী এবং মধ্যাঞ্চলের ঢাকা, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত ছিল বেশি। বৃষ্টি বেড়েছে সিলেটেও।

এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৮৪ মিলিমিটার। ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। গত সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এমনই থাকবে থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন