এফএনএস : বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল পরিচালিত ইসলামি হাসপাতাল থেকে ইয়াবাসহ সুলতানা আক্তার রিপা (২৭) নামের এক নার্সকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বেসরকারি ওই হাসপাতালের দ্বিতীয় তলা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপা বগুড়া সদরের চাঁদমুহা গ্রামের রুহুল আমিন রবিনের স্ত্রী। তিনি কয়েক বছর ধরে ইসলামি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন।
বগুড়া ডিবি পুলিশের কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির কর্মকর্তা ইনচার্জ আবদুর রাজ্জাকের নেতৃত্বে এসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্সসহ গত মঙ্গলবার রাতে শহরের মফিজ পাগলার মোড়ে বেসরকারি ইসলামি হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় ওই হাসপাতালের দ্বিতীয় তলায় নার্স রিপার অ্যাপ্রোনের পকেট থেকে ১০০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নার্স রিপাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের কর্মকর্তা ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, বগুড়ায় এই প্রথম কোনো হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্সকে গ্রেপ্তার করা হলো। তার স্বামী দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। বর্তমানে তিনি মাদক মামলায় কারাগারে আছেন। তিনি আরও জানান, বগুড়া সদর থানায় নার্স রিপার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।