ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ভারতীয় নেশাজাতীয় এ্যাম্পলসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি বলেন, গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.নোয়াব আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকার মাঠে অভিযান চালায়।
অভিযানে মো.মাসুদুর রহমান ফারুক (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে ৩৯টি ভারতীয় নেশাজাতীয় এ্যাম্পল ও ১টি ১৫০ সিসি হিরো হাংক মোটর সাইকেল আটক করে। আটককৃত মালামালের মূল্য দুই লাখ টাকা। মাসুদুর রহমান ফারুক একই ইউনিয়নের বীরগ্রামের আতোয়ার রহমান বিদ্যুতের ছেলে। সে ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। এদিকে ফারুকের বাবা মো.আতোয়ার রহমান অভিযোগ করে বলেন,একটি মহল তার ছেলেকে পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে ফাঁসিয়ে দিয়েছে।