২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাড়তে পারে তাপমাত্রা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ৯:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
বাড়তে পারে তাপমাত্রা
বিজ্ঞাপন

এফএনএস : আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী দুদিন পর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। ভ্যাপসা গরমে তৈরি হয়েছে অস্বস্তিকর অবস্থা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খাঁন বলেন, গতকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ মো. আবদুর রহমান। গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে, ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে (শনিবার) তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, সেখানে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়, সেখানে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ সময় ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়। এ ছাড়া ময়মনসিংহে ৫৯, চট্টগ্রামে ৬৮, সন্দ্বীপে ৪৩, রাঙ্গামাটিতে ৬৪, হাতিয়ায় ৩১, শ্রীমঙ্গলে ১০, তাড়াশে ৩৭, ডিমলায় ৫২, রাজারহাটে ৪৬, যশোরে ২৮, পটুয়াখালীতে ৪৩, খেপুপাড়ায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন