সাপাহারে বিলে মাছ ধরতে গিয়ে ঠাণ্ডায় মারা গেলেন যুবক
এফএনএস : বিলে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঠাণ্ডায় নওগাঁর সাপাহারে সাখাওয়াত হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃত যুবক উপজেলার গোয়ালা বাসিন্দা পাড়ার মৃত আবদুস সাত্তারের ছেলে। জানা গেছে, সাখাওয়াত গত সোমবার দিবাগত রাতে উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিলের মাহিল কালিন্দর এলাকার ঘোষাল বিল নামক স্থানে মাছ ধরতে যায়।
রাতে প্রচণ্ড ঠাণ্ডা লেগে তিনি বিলের ধারে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। গতকাল মঙ্গলবার সকালে লোকজন ওই এলাকায় গিয়ে সাখাওয়াতের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় সংবাদ দিলে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন ও পুলিশ ধারণা করছে প্রচণ্ড শীতের কারণেই তার মৃত্যু হয়েছে। সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেচছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
