জামিল ব্রিগেডকে আর্থিক সহায়তা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে করোনা মোকাবিলায় গঠিত স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার টিম শহীদ জামিল ব্রিগেডের সেবামূলক কার্যক্রম আরও প্রসারিত করতে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ব্রিগেডের একদিনের মোট ব্যয়ের সম পরিমাণ অর্থ শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবুর হাতে তুলে দেন বিশিষ্ট সমাজসেবক মনোয়ার হোসেন বিদ্যুৎ।
এসময় বিদ্যুৎ বলেন, ‘রাজনীতির পাশাপাশি ওয়ার্কার্স পার্টির তরুণ-যুবক শহীদ ‘জামিল ব্রিগেড’ গঠনের মধ্য দিয়ে যেভাবে মানুষের সেবা প্রদান করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। রাজনীতির পাশে মানুষের যেকোন সমস্যায় এগিয়ে আসাটাই একটি রাজনৈতিক দলের প্রধান ভূমিকা হওয়া প্রয়োজন।’ আর্থিক সহায়তা গ্রহণের পর দেবাশিষ প্রামানিক দেবু বলেন, ‘আমরা জামিল ব্রিগেড রাজশাহীর মানুষের পাশে সবসময় আছি।
ব্রিগেডের ফান্ডে এ ধরনের আর্থিক সহায়তা আমাদের কাজকে আরও তরান্বিত করবে।’ এসময় তিনি সহায়তা প্রদানকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আর্থিক সহায়তা প্রদানকালে লায়ন্সের জোন প্রধান একে এম মাসুদ, শহীদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, সীতানাথ বণিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
