শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ক্ষমতাসীনদের জন্য আশীর্বাদ: ফখরুল

Paris
Update : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

এফএনএস : প্রাণঘাতী করোনাভাইরাস ক্ষমতাসীনদের জন্য আশীর্বাদ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জনপ্রতি আড়াই হাজার টাকা দেয়ার ক্ষেত্রে যে দুর্নীতি আর হতদরিদ্রের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী চুরির কাহিনি, এসব দেখে মনে হয় করোনা সরকারদলীয় লোকজনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অর্থ মন্ত্রণালয়ের এক অবস্থানপত্রে ধরা পড়েছেÑমোবাইল ফোনের মাধ্যমে দেয়া ৫০ লাখের তালিকায় ১৪ লাখ ৩৩ হাজার লোকের নামই ভুয়া। পত্রিকায় খবর এসেছে যে, ঝিনাইদহে দুজন কোটিপতিকেও এ ত্রাণ দেয়া হয়েছে।

একজনের নাম খোকন সরকার, আরেক জনের নাম রাজু দাস। তারা কোটিপতি। একজনের জুয়েলারি ব্যবসা আছে, আরেকজনের কোম্পানি আছে। তিনি বলেন, মেগা প্রজেক্টের মেগা দুর্নীতির সব কাহিনি তো আপনাদের জানা আছে। এসব মেগা প্রজেক্টে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন পর্যায়ে চরম অসচ্ছতা, অদক্ষতা ও রাষ্ট্রীয় সম্পদ অপচয় এবং মহাদুর্নীতির মহা রেকর্ড তৈরি হচ্ছে। এ ব্যাপারে ইতোপূর্বে অনেকবার বলা হয়েছে। ওইসব প্রকল্পের অর্থ বর্তমানে মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে বরাদ্দ দিতে পারে সরকার। কিন্তু তা তারা করছে না।

সংবাদ সম্মেলনে করোনা টিকাদান কর্মসূচির ওপর গুরুত্বারোপের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে টিকাদানকে গুরুত্ব দিতে হবে। সারা পৃথিবীতে আজকে প্রমাণিত হয়েছে, যেসব দেশ ৭০-৮০ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছে তারাই কিন্তু করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এর কোনো বিকল্প নাই। তিনি আরও বলেন, আমরা লাখে লাখে টিকার হিসাব দেখলে হবে না। এখানে কোটি কোটি টিকা একেক মাসে আসার হিসাব আমরা দেখতে চাই।

তাহলেই বাংলাদেশকে করোনার এই ভয়াল গ্রাস থেকে আমরা পরিত্রাণ করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারব। সেই লক্ষ্যে আমি আবার সরকারের প্রতি আহবান জানাচ্ছি, এই ব্যাপারে রাখ-ঢাক না করে অতি দ্রুত কোটি কোটি টিকা আমদানি করার ব্যবস্থা করেন, জনগণকে রক্ষার ব্যবস্থা করেন। এদেশের মানুষের জীবন-জীবিকাকে রক্ষা করেন।

তা নাহলে আপনারা এদেশের ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন, একদিন এদেশের জনগণ আপনাদের ব্যাপারে সঠিকভাবে আপনার ব্যর্থতা ইতিহাসে লিখে রাখবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।


আরোও অন্যান্য খবর
Paris