মান্দায় ৩৩ নমুনা পরীক্ষায় নতুন ১০ জন শনাক্ত
মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় গত দুইদিনে (শুক্র ও শনিবার) ৩৩ নমুনা পরীক্ষায় নতুন করে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় শনাক্ত হন তারা। মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় জানান, গত শুক্রবার হাসপাতালে ১৪ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৪ জন এবং শনিবার ১৩ জনের পরীক্ষায় আরও ৪ জন শনাক্ত হন।
এছাড়া রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো ৬ জনের নমুনায় আরও ২ জনের পজেটিভ রিপোর্ট আসে। স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাড়িতে রেখেই তাদের চিকিৎসাসহ সবধরণের পরামর্শ প্রদান করা হচ্ছে। ন্যদিকে গত বৃহস্পতিবার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় মান্দা সিসিডিবির বায়োচার প্রজেক্টের মার্কেটিং অফিসার নির্মল টুডু (৩৪) ও মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস আনিছার রহমান করোনা পজেটিভ হন।
সিসিডিবি মান্দা অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার কাওসার আল মামুন বলেন, সিসিডিবির বায়োচার প্রজেক্টের মার্কেটিং অফিসার নির্মল টুডু করোনা আক্রান্তের পর এরিয়া ম্যানেজার দরকা সেনের পরামর্শে অফিসের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে নওগাঁর মান্দায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১০ ব্যক্তিকে গুনতে হয়েছে জরিমানা। শনিবার ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ মামলায় তাদের নিকট থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও আব্দুল হালিম। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম বলেন, মান্দা উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। স্বাস্থ্যবিধি না মেনেই লোকজন চলাচল করছেন রাস্তাঘাটে।
এ অবস্থায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর, হাসপাতাল মোড়, ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ইউএনও আরও বলেন, অভিযানকালে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১০টি মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায়সহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
